দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ২ জনের মৃত্যু: আক্রান্ত ছাড়ালো ১৭ হাজার
সারাদেশে হামের সংক্রমণ পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে এই রোগে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৫ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। আজ সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৩৭১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৮২ জন। গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭২১ জনে এবং সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা ১৭ হাজার ২৪ জন। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে দেশে ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে আরও ১৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে এ পর্যন্ত মোট ৭ হাজার ২৭৩ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ৫৪৯ জন। তবে আশার কথা হলো, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩৬৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি শিশুদের দ্রুত টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
এ রহমান
মন্তব্য করুন: