সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী গণভোট সাংবিধানিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন, আরপিও অনুযায়ী অধ্যাদেশ মোতাবেক নির্বাচন কমিশন যে গণভোট আয়োজন করেছে, তা সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক গণভোট নয়। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলাদা ব্যালটে এই গণভোট আয়োজন করা হয়েছে এবং এটি অধ্যাদেশ অনুযায়ী হওয়ায় জাতীয় সংসদে পুনরায় আইনে রূপান্তরের প্রয়োজন ছিল না। তবে দেশের প্রয়োজনে ভবিষ্যতে আবারও গণভোট আয়োজনের কোনো সাংবিধানিক নিষেধাজ্ঞা নেই বলে তিনি উল্লেখ করেন। এছাড়া সংসদ শুরুর ৩০ দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের আমলের অধ্যাদেশ নিষ্পত্তির যে আইনি বাধ্যবাধকতা ছিল, তা সরকার স্বল্প সময়ের মধ্যে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে পূরণ করেছে।
সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, গুম কমিশন ও বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের মতো গুরুত্বপূর্ণ ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য ভবিষ্যতে বিল আকারে আনা হবে। আগামী ১৫ মে’র পর গুম কমিশন নিয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা হবে। মন্ত্রীরা জানান, সংসদীয় স্থায়ী কমিটি গঠিত না হওয়ায় একটি ‘বিশেষ সংসদীয় কমিটি’র মাধ্যমে ৯৮টি অধ্যাদেশ অবিকল অবস্থায় পাসের সুপারিশ করা হয়েছে এবং বাকিগুলো পরবর্তী অধিবেশনে বিল আকারে উত্থাপন করা হবে।
বিরোধী দলীয় নেতার কিছু ভুল বোঝাবুঝি ও ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। কিউরেটর নিয়োগসহ কিছু বিধি আরও স্বচ্ছ করতে বিলটি পুনরায় আলোচনার মাধ্যমে উপস্থাপনের সুযোগ রয়েছে। গুম ও মানবাধিকার কমিশন আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাড়াহুড়ো করে ত্রুটিপূর্ণ আইন পাস না করে স্টেকহোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে এগুলোকে আধুনিক ও শক্তিশালী করা হবে, যাতে অপরাধীরা আইনের ফাঁক দিয়ে পার না পায়।
এ রহমান
মন্তব্য করুন: