‘বর তুমি কার?’
এক প্রবাসী যুবকের বিরুদ্ধে মোবাইল ফোনে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বড়ভিটা ইউনিয়নের বড়লই জকরিয়াটারী এলাকা।
রোববার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তির বাড়ির সামনে স্থানীয়রা মানববন্ধন করেন। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা “বর তুমি কার?” স্লোগান দিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করেন।
স্থানীয়দের অভিযোগ, বড়লই গ্রামের প্রবাসী বাবু মিয়া দীর্ঘদিন ধরে দুবাই-এ অবস্থান করছেন। প্রবাসে থাকাকালীন তিনি একই গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন বলে দাবি করা হয়। পরে একইভাবে আরেকটি বিয়ের অভিযোগও সামনে আসে।
ভুক্তভোগী পক্ষের দাবি, মোবাইল কলে পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও তা কোনো কাজী অফিসে নিবন্ধিত হয়নি। বিয়ের পর দেশে ফিরে সংসার শুরুর আশ্বাস দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়।
তবে একই ব্যক্তির বিরুদ্ধে দ্বিতীয় সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয়দের দাবি, এটি মোবাইল বিয়ের নামে প্রতারণার একটি নজির।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, “এ ধরনের ঘটনা সমাজে বিভ্রান্তি তৈরি করছে। এর সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া জরুরি।”
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাহবুল হক খন্দকার বলেন, ঘটনাটি সংবেদনশীল এবং তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন প্রয়োজন।
এ ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত বা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।
ডি আর ডি
মন্তব্য করুন: