হত্যা চেষ্টা মামলা
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগে মো. আশরাফুল নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় এই জামিন আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে ড. শিরীন শারমিনের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে বিচারক জামিন আবেদনটি গ্রহণ করেন। এর আগে গত ৭ এপ্রিল (মঙ্গলবার) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই দিনই তাঁকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত রিমান্ড ও জামিন উভয়ই নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ আজিমপুর সরকারি কলোনির ভেতরে আন্দোলন চলাকালে আসামিদের ছোড়া গুলিতে ভুক্তভোগী আশরাফুলের বাম চোখ নষ্ট হয়ে যায়। এই ঘটনায় ২০২৫ সালের ১৭ জুলাই লালবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, যেখানে শিরীন শারমিন চৌধুরীকে ৩ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছিল। বর্তমানে জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এ রহমান
মন্তব্য করুন: