দোয়ারাবাজারে ৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা এমপি মিলনের
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দীন আহমেদ মিলন। তিনি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নতুন চারতলা ভবন নির্মাণসহ নির্বাচনী এলাকায় প্রায় ৭ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
শনিবার (১১ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, “বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বগুলা ইউনিয়নের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করে এমপি মিলন আরও ঘোষণা করেন, কলেজের আসবাবপত্রের জন্য ৮ লাখ টাকা, ক্রীড়া সামগ্রীর জন্য ১ লাখ টাকা এবং সীমানা প্রাচীর নির্মাণের জন্য অতিরিক্ত ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। এছাড়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩ কোটি টাকার নতুন ভবন এবং বোগলা কেন্দ্রীয় জামে মসজিদের জন্য ৩ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।
অরূপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো স্কুল প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
এ রহমান
মন্তব্য করুন: