জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে 'ইনকিলাব মঞ্চ' শাবিপ্রবি শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গ্রন্থাগার ভবন থেকে চেতনা-৭১ এলাকা প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘গণভোটের রায় মেনে নাও’, ‘জুলাই সনদের রায় বাস্তবায়ন করতে হবে’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশের প্রায় ৬৯ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিলেও সরকার ও রাজনৈতিক দলগুলো জনগণের এই আকাঙ্ক্ষাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, “সংবিধানের দোহাই দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে জনআকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করেছিল, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। জুলাই আন্দোলনের মূল স্পিরিট ছিল রাষ্ট্র সংস্কার, যা গণভোট ছাড়া পূর্ণতা পাবে না।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান শিশির এবং বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম তাদের বক্তব্যে রাজনৈতিক দলগুলোর অবস্থানের সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখন বিএনপি ও অন্যান্য দলগুলো সেই অবস্থান থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে শামসুর রাহমানের কবিতার সাথে তুলনা করে বলেন, ‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’।
শাবিপ্রবি শাখার ইনকিলাব মঞ্চের দপ্তর সম্পাদক শোয়াইব আহমদ চৌধুরীর সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব আরিফ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান অনু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আজাদ শিকদার। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন যে, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে বেইমানি না করে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
এ রহমান
মন্তব্য করুন: