গণপরিবহনের এসি বাসেও আসছে ভাড়ার তালিকা, ভেতরে থাকবে ডিজিটাল ডিসপ্লে
দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ও যাত্রী ভোগান্তি কমাতে শিগগিরই এসি বাস এবং মিনিবাসের জন্য সুনির্দিষ্ট ভাড়ার তালিকা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান যে, এখন থেকে গণপরিবহনের ভেতরে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ভাড়া প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী সংসদকে অবহিত করেন যে, বর্তমানে শুধুমাত্র নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা বিদ্যমান থাকলেও যাত্রী সুবিধার্থে এসি বাসের ভাড়ার হার নির্ধারণের কাজ দ্রুত শুরু হচ্ছে। সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠনের বিধান রয়েছে এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর আওতায় এই কমিটিগুলোই রাস্তার ধারণক্ষমতা অনুযায়ী যানবাহনের সংখ্যা ও রুট পারমিট অনুমোদন করে থাকে।
শেখ রবিউল আলম তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ধারা ৩৪(২) অনুযায়ী সরকার গেজেট প্রকাশের মাধ্যমে ভাড়ার হার ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করে দেয়, যা পরবর্তীতে বিআরটিএ-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নির্ধারিত এই ভাড়ার তালিকা বাসের দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য পরিবহন মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং ডিজিটাল ডিসপ্লে স্থাপনের মাধ্যমে এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এ রহমান
মন্তব্য করুন: