কমলগঞ্জে মনিপুরী মৈথৈদের ‘লাই হারাওবা’ উৎসব শুরু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও গ্রামে তিনদিনব্যাপী মনিপুরী মৈথৈ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘লাই হারাওবা’ উৎসব শুরু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এ উৎসবের উদ্বোধন হয়। এটি চলবে আগামী শুক্রবার (১০ এপ্রিল) বিকেল পর্যন্ত।
আয়োজকেরা জানান, এবারের উৎসবে দেশের খ্যাতিমান শিল্পী, গবেষকদের পাশাপাশি ভারতের মণিপুর রাজ্য থেকে শিল্পী, কলাকুশলী ও গবেষকেরা অংশ নিচ্ছেন।
‘লাই হারাওবা’ উৎসবের আয়োজন করেছে লাই হারাওবা স্টিয়ারিং কমিটি, বাংলাদেশ। এতে সহযোগিতা করছে ইউনেস্কো বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
আয়োজক কমিটির সদস্যরা বলেন, মনিপুরী জনগোষ্ঠীর প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ এই উৎসবের আক্ষরিক অর্থ ‘দেবতাদের আনন্দ উৎসব’। এটি সৃষ্টি, বিশ্বতত্ত্ব ও আধ্যাত্মিকতার এক গভীর উদযাপন, যা নানা আচার-অনুষ্ঠান, মন্ত্রপাঠ (লাইপৌ), ঐতিহ্যবাহী সংগীত এবং ‘মাইবী জাগোই’ নৃত্যের মাধ্যমে প্রকাশ পায়।
তাঁরা আরও জানান, এই আয়োজনের মাধ্যমে মনিপুরী সম্প্রদায়ের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবেও বিবেচিত।
আয়োজকেরা সকল শ্রেণি-পেশার মানুষকে এই উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের আশা, সবার উপস্থিতিতে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য আরও সমৃদ্ধভাবে টিকে থাকবে।
ডি আর ডি
মন্তব্য করুন: