বিজ্ঞানের ছোঁয়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যয়
দোয়ারাবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে প্রতিটি প্রাণের সুরক্ষা ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার শাখাওয়াত ইসলাম এবং ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার মাহমুদুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এবারের আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘স্পেস টু লিড’ প্রজেক্ট এবং ‘পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ (পিএইচডি)। বক্তারা আরও উল্লেখ করেন, কেবল সরকারি উদ্যোগ নয়, বরং বেসরকারি উন্নয়ন সংস্থা ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টায় একটি সুস্থ ও সবল জাতি গঠন সম্ভব। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বিশেষ স্বাস্থ্যবার্তাও প্রচার করা হয়। উপস্থিত বিশেষজ্ঞগণ প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর ফলে স্থানীয় স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
এ রহমান
মন্তব্য করুন: