সংসদে অর্থমন্ত্রী
‘বর্তমান সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি টাকা’
বর্তমান জাতীয় সংসদের সদস্যদের ব্যক্তিগত ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে।
সোমবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম কার্যদিবসে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী জানান, দেশের বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে সংসদ সদস্যদের এই বিশাল অংকের ঋণ রয়েছে। তবে অর্থমন্ত্রী একটি বিশেষ আইনি দিক উল্লেখ করে বলেন, আদালতের সুনির্দিষ্ট নির্দেশনার কারণে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা বর্তমানে খেলাপি হিসেবে দেখানো সম্ভব হচ্ছে না, যদিও এটি খেলাপি ঋণের পর্যায়ভুক্ত। সংসদ সদস্যদের ঋণের এই বিশাল খতিয়ান প্রকাশের পর রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরাতে এবং খেলাপি ঋণ আদায়ে আইনি প্রক্রিয়া ও কঠোর তদারকি অব্যাহত রয়েছে।
সংসদীয় তথ্যানুযায়ী, এই ঋণের পাহাড় ও খেলাপির হার কমানোর বিষয়ে আগামীতে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা। বর্তমান সংসদের শুরুতেই এমন তথ্য আসায় আর্থিক খাতের স্বচ্ছতা ও জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: