মাধবপুরে অগ্নিকাণ্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে এসব সামগ্রী তুলে দেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ সৈয়দ মোঃ শাহজাহান।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১৫ বান্ডিল ঢেউটিন এবং ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর আল মামুন এবং উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাঈল তরফদার রাহী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান মাসুক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম শিকদার ও রনি আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্যোগকালীন এই সহায়তা পরিবারগুলোকে নতুন করে মাথা গোঁজার ঠাঁই করে দিতে সহায়ক হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে পর্যায়ক্রমে এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে যাতে কোনো দুস্থ পরিবার মানবেতর জীবনযাপন না করে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই আপদকালীন সহায়তা পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ রহমান
মন্তব্য করুন: