বানিয়াচংয়ে নদীর পানি ঢুকে তলিয়ে গেছে ২ হাজার বিঘা ধান
Led Bottom Ad

দিশেহারা কৃষক

বানিয়াচংয়ে নদীর পানি ঢুকে তলিয়ে গেছে ২ হাজার বিঘা ধান

নিজস্ব প্রতিনিধি, বানিয়াচং

০৬/০৪/২০২৬ ১৬:২৩:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নদ-নদীর পানি আকস্মিক বৃদ্ধি পেয়ে হাওরের বিস্তীর্ণ এলাকার বোরো ধান তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম হাহাকার ও উদ্বেগ দেখা দিয়েছে। গত রবিবার রাত পর্যন্ত উপজেলার সুজাতপুর ইউনিয়নের রত্না নদীর পানি উপচে উগলী হাওরে প্রবেশ করলে মুহূর্তেই প্রায় ২ হাজার ২০০ বিঘা জমির কাঁচা ও আধাপাকা ধান পানির নিচে তলিয়ে যায়।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ধানের শীষ বের হওয়ার এই সংকটময় সময়ে ক্ষেত তলিয়ে যাওয়ায় ফসল ঘরে তোলার সব আশা শেষ হয়ে গেছে, যার ফলে সিজিল মিয়া, আকল মিয়া ও উজ্জ্বল মিয়ার মতো শত শত চাষি এখন বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন। উগলী হাওরের পাশাপাশি বাতাসর ও বালি হাওরেও পানি ঢুকতে শুরু করায় আরও প্রায় ৭ হাজার বিঘা জমির ধান তলিয়ে যাওয়ার নতুন শঙ্কা তৈরি হয়েছে।

সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক সপ্তাহ ধরে বাঁধ উপচে পানি ঢুকছে এবং পানি বৃদ্ধি অব্যাহত থাকলে প্লাবিত এলাকার পরিধি আরও বাড়তে পারে। যদিও উপজেলা কৃষি বিভাগ মাত্র ২৪০ বিঘা জমি তলিয়ে যাওয়ার প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছে, তবে মাঠ পর্যায়ের চিত্র আরও ভয়াবহ বলে দাবি স্থানীয়দের।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে নতুন করে বৃষ্টি না হওয়ার আশায় প্রহর গুনছেন কৃষকরা, যাতে অবশিষ্ট পাকা ধানটুকু অন্তত দ্রুত কেটে ঘরে তোলা যায়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad