সিলেটে ১০ দিনব্যাপী শহিদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন
Led Bottom Ad

বর্ণাঢ্য আয়োজনে মেতেছে শহিদ মিনার প্রাঙ্গণ

সিলেটে ১০ দিনব্যাপী শহিদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/০৪/২০২৬ ২০:৪১:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে কমল সাহিত্য পরিষদের উদ্যোগে ১০ দিনব্যাপী ‘শহিদ জিয়া ২য় গ্রন্থমেলা-২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই গ্রন্থমেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছড়াকার ইলহাম সাদির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক সালেহ আহমদ খসরু, গবেষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত অপি।

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পারিবারিক নাম ‘কমল’-এর অনুসারেই এই সংগঠনের নামকরণ এবং তাদের এই নিয়মিত বইমেলা আয়োজন শিক্ষার প্রসার ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দিয়েছে; এখন তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

মেলার আয়োজক কমিটি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গ্রন্থমেলার সূচি অনুযায়ী ৬ এপ্রিল সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ৭ এপ্রিল বৃক্ষরোপণ, ৮ এপ্রিল রচনা প্রতিযোগিতা, ৯ এপ্রিল আবৃত্তি, ১০ এপ্রিল চিত্রাঙ্কন, ১১ এপ্রিল ব্লাড ক্যাম্পেইন, ১২ এপ্রিল ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে। আগামী ১৫ এপ্রিল বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই উৎসবের পরিসমাপ্তি ঘটবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বর্তমানে মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের ভিড় বাড়তে শুরু করেছে এবং বিভিন্ন প্রকাশনীর স্টলগুলো পাঠকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad