ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস: সমাবেশে যোগ দিতে মাধবপুরে পৌঁছেছেন মির্জা ফখরুল
হবিগঞ্জের মাধবপুরে আগামীকাল ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় এলাকায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঢাকা থেকে সরাসরি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সলের নোয়াপাড়ার বাসভবনে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাঁকে বিপুল উৎসাহে বরণ করে নেন। মন্ত্রী আসার খবরে নোয়াপাড়া এলাকায় দলীয় নেতাকর্মীদের ভিড় জমে ওঠে এবং তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে খোঁজখবর নেন।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার রাতটি তিনি চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানে যাপন করবেন এবং পরদিন ৪ এপ্রিল সকালে মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা-বাগান স্মৃতিসৌধে আয়োজিত বিশেষ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই দিনটি উদযাপনে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তেলিয়াপাড়া দিবসকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: