মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত: ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল যোগাযোগ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচটি ওয়াগন ও একটি গার্ডরুম উল্টে যাওয়ার ঘটনায় প্রায় ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।
এর আগে বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে আখাউড়া-সিলেট রেলপথের মনতলা ও শাহাপুর স্টেশনের মধ্যবর্তী রাজাপুর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। মনতলা স্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনটির কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় পাঁচটি তেলবাহী ওয়াগন ক্ষতিগ্রস্ত হয়। প্রতিটি ওয়াগনে প্রায় ৩৯ হাজার লিটার জ্বালানি তেল ছিল বলে জানা গেছে। এর ফলে রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে স্থানীয় লোকজন ড্রাম ও বালতি নিয়ে ঘটনাস্থলে ভিড় করেন।
মনতলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার এস এম আতাউর রহমান খাদেম বলেন, দুর্ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।
রেলওয়ের একটি সূত্র জানায়, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ওয়াগনগুলোর মধ্যে একটি থেকে আনুমানিক ২০ থেকে ৩০ শতাংশ তেল নষ্ট হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, তেল উদ্ধারে বিজিবির একাধিক টহলদল কাজ করেছে। তারা প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত রেললাইন দ্রুত সংস্কার শেষে বৃহস্পতিবার বিকেলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করেছে বিজিবি।
ডি আর ডি
মন্তব্য করুন: