বাড়তি ভাড়ায় দিশেহারা যাত্রী ও চালক
সিলেটে পাম্প ধর্মঘট স্থগিত হলেও কাটেনি ভোগান্তি
সিলেটে সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্প মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রশাসনের আশ্বাসে স্থগিত করা হলেও মাঠপর্যায়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়ায় এবং কৃত্রিম সংকটের অভিযোগে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের মাঝে চরম হাহাকার ও দুর্ভোগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করলেও অনেক পাম্প মালিক অধিক মুনাফার আশায় এখনো বিক্রি বন্ধ রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এই অনিশ্চয়তার সুযোগে পরিবহন খাতে ভাড়ার নৈরাজ্য চরমে পৌঁছেছে, যেখানে সিলেট কদমতলী থেকে গোলাপগঞ্জ চৌমুহনীতে জনপ্রতি ভাড়া ৪০ টাকার পরিবর্তে ৭০ টাকা এবং ঢাকাদক্ষিণ চৌমুহনীতে ৬০ টাকার পরিবর্তে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। হঠাৎ জ্বালানি সংকটের অজুহাতে অতিরিক্ত ভাড়া গুনতে গিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রোগী, নারী ও শিক্ষার্থীরা, যাদের চরম হতাশা ও ভোগান্তি নিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। পাম্প মালিকপক্ষ দাবি আদায় না হলে ভবিষ্যতে আবারও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিলেও সাধারণ মানুষের দাবি—প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে দ্রুত কৃত্রিম সংকট নিরসন করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনা হোক।
এ রহমান
মন্তব্য করুন: