নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বজ্রপাতে ফরাছ মিয়া (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন কৃষক হাওরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ফরাছ মিয়া। গুরুতর আহত হন সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) ও জাহেদ মিয়া।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তাহির আহমদ
মন্তব্য করুন: