নগরে অনুমোদনহীন ব্যানার-ফেস্টুন না লাগানোর আহ্বান সিসিক প্রশাসকের
ঈদকে সামনে রেখে সিলেট নগরের সৌন্দর্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুমোদিত বিলবোর্ড ছাড়া নগরের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন না সাঁটানোর জন্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।
সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে অনেকেই নগরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ব্যানার-ফেস্টুন লাগাচ্ছেন। এতে শহরের স্বাভাবিক সৌন্দর্য ব্যাহত হচ্ছে এবং নান্দনিক পরিবেশ নষ্ট হচ্ছে।
প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক নগর গড়ে তুলতে হলে সবার সম্মিলিত সচেতনতা জরুরি। যেখানে-সেখানে ব্যানার বা ফেস্টুন স্থাপন নগরের সৌন্দর্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
তিনি আরও জানান, নগরের পরিবেশ রক্ষা করা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়; বরং এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তাই উৎসবের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেন নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট গড়ে তুলতে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন সিসিক প্রশাসক। তবে সিটি কর্পোরেশনের অনুমোদিত বিলবোর্ডসমূহ এই নির্দেশনার আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: