সিলেটে জমজমাট আতর-টুপি বাজার
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সিলেটে পোশাক ও জুতার কেনাকাটা প্রায় শেষ। তবে জমে উঠেছে টুপি, আতর, জায়নামাজ ও তসবির বাজার। নগরের বন্দরবাজার এলাকায় এসব দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বন্দরবাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন দোকানে ক্রেতারা পছন্দমতো টুপি, জায়নামাজ ও আতর কিনতে ব্যস্ত। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে এসে কেনাকাটা করছেন।
মেন্দিবাগ এলাকার বাসিন্দা সোলেমান দুই ছেলেকে নিয়ে টুপি ও জায়নামাজ কিনতে এসেছেন। তিনি বলেন, ‘ছেলেদের পাঞ্জাবি-পায়জামা ও জুতা কেনা শেষ। এখন টুপি আর জায়নামাজ কিনতে এসেছি। কয়েকটা পছন্দ হয়েছে, তবে দাম বেশি মনে হওয়ায় আরও কয়েকটি দোকান ঘুরে দেখছি।’
একই এলাকায় ভ্যানে করে আতর বিক্রি করছেন নাজমুল হাসান। তিনি জানান, তাঁর কাছে কস্তুরি গোলাপ, হাজারে আসওয়াদ, রেড আফ্রিকান ও সুলতানসহ বিভিন্ন ধরনের আতর রয়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব ধরনের আতরই বিক্রি হচ্ছে। তিনি বলেন, ‘সারা বছর আতরের চাহিদা কম থাকলেও ঈদের আগে বিক্রি অনেক বেড়ে যায়। ঈদের দিন সকাল পর্যন্ত বিক্রি চলে।’
হাসান মার্কেট মোড়ে টুপি-আতরের দোকান মালিক খসরু বলেন, ‘প্রতি বছরই ২৫ রমজানের পর থেকে ঈদের দিন ভোর পর্যন্ত সবচেয়ে বেশি বেচাকেনা হয়। গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে হয়। সব বয়সী মানুষ টুপি, জায়নামাজ ও তসবি কিনতে আসেন।’
ব্যবসায়ীরা জানান, টুপির দাম ৫০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত। পাকিস্তানি, আফগানি, কাবুলি ও ভারতীয় নকশার টুপির পাশাপাশি দেশি পণ্যও বিক্রি হচ্ছে। জায়নামাজের ক্ষেত্রে তুরস্ক ও সৌদি আরব থেকে আমদানি করা পণ্যের চাহিদা বেশি। এ ছাড়া সৌদি ও দুবাইয়ের আতরের প্রতিও ক্রেতাদের আগ্রহ রয়েছে।
দাম মোটামুটি আগের মতোই থাকলেও ঈদ ঘনিয়ে আসায় বাজারে ক্রেতাদের উপস্থিতি দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ডি আর ডি
মন্তব্য করুন: