প্রস্তুতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার শাহী ঈদগাহ যাচ্ছেন সিসিক প্রশাসক
ঈদের জামাতের প্রস্তুতি পর্যবেক্ষণে সিলেট নগরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ পরিদর্শনে যাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার সকাল ১১ টায় তিনি শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করবেন। পরিদর্শনকালে ঈদের জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও প্রয়োজনীয় অবকাঠামোগত ব্যবস্থা পর্যালোচনা করা হবে।
সিসিক সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে শাহী ঈদগাহ ময়দানে আগত মুসল্লিদের জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ওজু ও পানি সরবরাহ নিশ্চিত করা, অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা এবং যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
এ সময় সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবছরের মতো এবারও শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে নগরী ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে।
ডি আর ডি
মন্তব্য করুন: