সিলেটে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা
সিলেটের শাহপরাণ থানা এলাকায় ইয়াবাসহ আটক দুই মাদক কারবারিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহপরাণ থানার দলইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (১৮ মার্চ) বিকেলে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জানিয়েছে, আসামিদের পালিয়ে যেতে তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি করে।
শাহপরাণ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দলইপাড়া আহমদের দোকানের সামনে একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো ঠ-১৪-১২৭৫) তল্লাশি চালিয়ে ২৯৭ পিস ইয়াবাসহ শাহপরাণ থানার আলীবাগ এলাকার শহিদুল ইসলাম (৪৫) ও জাবেদ আহমদকে (২৬) আটক করা হয়। আটকের পরপরই তারা চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী দলইপাড়া ও দত্তগ্রাম এলাকার অন্তত ২৫-৩০ জন সহযোগী দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে জড়ো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আব্দুল আহাদ কুটন, এনাম, সাকিব, রেবুল, রোমান ও রাজিবের নেতৃত্বে একদল যুবক পুলিশের পথ রোধ করে আক্রমণাত্মক পরিবেশ সৃষ্টি করে। এই সুযোগে আটককৃত শহিদুল ও জাবেদ তাদের ব্যবহৃত গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। মাদকসহ আসামিদের এমন নাটকীয় পলায়নের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শাহপরাণ থানায় একটি নিয়মিত মামলা (নং ৩০/১৮/৩/২৬) দায়ের করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুর আলম নিশ্চিত করেছেন যে, পলাতক আসামি এবং তাদের সহযোগীদের ধরতে পুলিশের একাধিক টিম জোরালো অভিযান পরিচালনা করছে। অপরাধীদের গ্রেফতারে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন।
এ রহমান
মন্তব্য করুন: