ভুল ওষুধ বিক্রি করায় সুনামগঞ্জে ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
শিশু রোগীর জন্য প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সরবরাহ না করে ভুল ওষুধ বিক্রির দায়ে সুনামগঞ্জ শহরের একটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ মার্চ) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ‘সিটি ফার্মেসি’কে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এক ব্যক্তি তার শিশুর জন্য ওই ফার্মেসি থেকে ওষুধ কিনেছিলেন। তবে ফার্মেসি কর্তৃপক্ষ প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে ভুল ওষুধ সরবরাহ করে। পরে ওই ওষুধ সেবনের পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী ব্যক্তি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় ফার্মেসিটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ২০ হাজার টাকা অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে।
সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভোক্তাবান্ধব বাজার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তাহির আহমদ
মন্তব্য করুন: