জৈন্তাপুর–কানাইঘাট সীমান্তে ভারতীয় মদ ও গরুসহ চোরাচালানি পণ্য জব্দ
সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ, গরু ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ১০টি ভারতীয় গরু ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা।
এ ছাড়া একই দিনে ১৯ বিজিবির অধীন সুরাইঘাট, লোভাছড়া, জৈন্তাপুর ও আটগ্রাম বিওপির টহল দলগুলো জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ, ১৭০ কেজি চা পাতা, ১০০ কেজি চিনি, একটি মহিষ, পাঁচটি কম্বল, ১২ কেজি সুপারি ও ৪০ বিড়া পান জব্দ করে। এসব পণ্যের সিজার মূল্য প্রায় ৩ লাখ ৮১ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, এসব অভিযানে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য প্রায় ২৬ লাখ ৮১ হাজার ৮০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)–এর ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর মো. মঈনুল আলম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মাদকদ্রব্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডি আর ডি
মন্তব্য করুন: