মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সুখীরাম উরাং (২৫) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সুখীরামের বাড়ি মুরইছড়া বস্তি এলাকায়।
স্থানীয়দের বরাতে কুলাউড়া থানা-পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে সুখীরাম মুরইছড়া সীমান্তের ১,৮৪৪ ও ১,৮৪৫ নম্বর সীমান্তখুঁটির মাঝামাঝি এলাকায় গরু চরাচ্ছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তাঁর পিঠে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে কুলাউড়া থানা-পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, “গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মুরইছড়া সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ৪৬ ব্যাটালিয়নের আওতাভুক্ত। ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, “ঘটনাটি শোনার পর আমরা তথ্য সংগ্রহ শুরু করেছি। সীমান্তের শূন্যরেখা অতিক্রম করার পর বিএসএফের গুলিতে যুবকটি নিহত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
এ রহমান
মন্তব্য করুন: