মৌলভীবাজারের আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি ও ব্ল্যাকমেইল করার অভিযোগে শাহিন আলী (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৬ জুলাই) শ্রীমঙ্গল উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৯, সিপিসি-৩ (শ্রীমঙ্গল ক্যাম্প)।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে তাঁকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শাহিন শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডের শুক্কুর আলীর ছেলে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শাহিন আলী তাঁর বাসায় বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি করতেন। ভুক্তভোগী গৃহবধূ তাঁর কাছ থেকে নিয়মিত কেনাকাটা করতেন। চলতি বছরের ১১ জানুয়ারি ওই গৃহবধূ শাহিনের কাছ থেকে এক জোড়া জুতা কেনেন। জুতাটি ছোট হওয়ায় তা পরিবর্তনের জন্য ওই দিন তিনি শাহিনের বাসায় যান। সে সময় বাসায় কেউ না থাকার সুযোগে শাহিন জোরপূর্বক গৃহবধূর আপত্তিকর ভিডিও গোপনে মোবাইলে ধারণ করেন।
র্যাব আরও জানায়, পরবর্তী সময়ে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করা হয়। একপর্যায়ে ভুক্তভোগী ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করলে শাহিন তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
চাপে পড়ে ভুক্তভোগী গৃহবধূ শাহিনকে ৫০ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য পুনরায় চাপ দেওয়া হতে থাকে। এরপর টাকা দিতে অস্বীকৃতি জানালে শাহিন ক্ষিপ্ত হয়ে আপত্তিকর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত শাহিন আলীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।
আর আর
মন্তব্য করুন: