বেগুন চাষে ভাগ্য বদল মাধবপুরের কৃষক শানু মিয়ার
বেগুন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সবজি। সারাবছরই এর চাহিদা থাকে। সেই বেগুন চাষ করেই ভাগ্য বদল করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের কৃষক শানু মিয়া।
একসময় ছোট পরিসরে কৃষিকাজ করলেও এখন তিনি এলাকায় একজন সফল ও অনুকরণীয় কৃষক হিসেবে পরিচিত। এবছর বেগুন চাষে তিনি পেয়েছেন আশাতীত সাফল্য।
শানু মিয়ার বেগুন ক্ষেতজুড়ে এখন ঝুলছে সবুজ-জামুনি রঙের নানা আকৃতির বেগুন। কেউ জমিতে কাজ করছে, কেউবা তুলছে বিক্রির জন্য পাকা ফসল। দূর-দূরান্ত থেকে পাইকাররা সরাসরি জমিতে এসে কিনে নিচ্ছেন তার উৎপাদিত বেগুন।
কৃষক শানু মিয়া জানান, চলতি মৌসুমে তিনি ৯০ শতক জমিতে বেগুন চাষ করেছেন। চারা, শ্রমিক, পরিচর্যা, ওষুধসহ মোট খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা। ইতিমধ্যে তিনি ৪ থেকে ৫ লাখ টাকার বেগুন বিক্রি করেছেন, এবং আরও ১০ থেকে ১২ লাখ টাকার বেগুন বিক্রির সম্ভাবনা রয়েছে।
বর্তমানে প্রতি কেজি বেগুন পাইকারি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, আর ছোট আকারের বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
শানু মিয়া বলেন, “বেগুন চাষে আমি এখন বেশ লাভবান। কৃষি অফিস থেকে যদি আরও প্রশিক্ষণ ও সহায়তা পাই, তাহলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আরও বেশি ফলন অর্জন করতে পারব।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার বলেন, “শানু মিয়া একজন পরিশ্রমী ও সফল কৃষক। তাঁকে সরকারি উদ্যোগে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”
বেগুন চাষে শানু মিয়ার এই সাফল্য স্থানীয় কৃষকদের মধ্যেও নতুন আশার আলো জাগিয়েছে। অনেকেই এখন তার দেখানো পথে এগিয়ে বেগুন চাষে আগ্রহী হচ্ছেন।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: