সিলেটে ২৪ অক্টোবর থেকে ট্রেন টিকিট ব্যবহারে লাগবে এনআইডি কার্ড
Led Bottom Ad

জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

সিলেটে ২৪ অক্টোবর থেকে ট্রেন টিকিট ব্যবহারে লাগবে এনআইডি কার্ড

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/১০/২০২৫ ০৮:৩৪:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রেলের টিকিট কালোবাজারি রোধে অভিনব উদ্যোগ নিয়েছে সিলেট জেলা প্রশাসন। আগামী ২৪ অক্টোবর থেকে সিলেটে একজনের ট্রেনের টিকিটে অন্য কেউ আর ভ্রমণ করতে পারবেন না। ট্রেনে উঠতে হলে প্রতিটি যাত্রীকেই সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।


শুক্রবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন,“টিকিট কালোবাজারি বন্ধে এটি একটি কার্যকর পদক্ষেপ হবে। প্রথম দিকে কিছুটা অসুবিধা হতে পারে, তবে দীর্ঘমেয়াদে যাত্রীদেরই সুবিধা হবে। একজনের টিকিটে অন্যজন ভ্রমণ করতে না পারলে কালোবাজারিরাও ধীরে ধীরে হারিয়ে যাবে।”


সম্প্রতি ঢাকা-সিলেট সড়কের নাজুক অবস্থা ও যানজটের কারণে ট্রেনযাত্রী বেড়ে গেছে বহুগুণে। যাত্রীরা অভিযোগ করেছেন, অনলাইনে টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়—এর বড় একটি অংশ কিনে নেয় কালোবাজারিরা, যারা পরে দ্বিগুণ-তিনগুণ দামে বিক্রি করে।


এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার হঠাৎ সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন জেলা প্রশাসক সারওয়ার আলম। তিনি যাত্রীদের ভোগান্তি শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং কালোবাজারি রোধে এনআইডি যাচাই বাধ্যতামূলক করার নির্দেশনা দেন।


জেলা প্রশাসনের আরও নির্দেশনা অনুযায়ী, ১৮ অক্টোবরের পর থেকে সিলেট নগরের সড়ক ও ফুটপাথে হকার বসতে পারবেন না, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং শহরের শৃঙ্খলা বজায় থাকে। এই উদ্যোগকে যাত্রীরা স্বাগত জানিয়েছেন।

তাদের ভাষায়—“এনআইডি যাচাইয়ের মাধ্যমে যদি কালোবাজারি বন্ধ হয়, তাহলে সৎ যাত্রীরা স্বস্তিতে টিকিট পাবেন, আর ভ্রমণ হবে ঝামেলামুক্ত।”


সিলেটে এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং এটি একটি শৃঙ্খলাপূর্ণ ও ন্যায্য যাত্রা সংস্কৃতির সূচনা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad