৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী রবিবার পর্যন্ত আট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের ১৫ জেলায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। তবে সম্ভাব্য এ বন্যা তিন দিনের বেশি স্থায়ী হবে না। ইতিমধ্যে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের তিন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ভারি বৃষ্টিপাতসংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৯ মিলিমিটার বা তার বেশি অতিভারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা ভারি বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
গত কয়েক দিনের টানা বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম নগরী ও আশপাশের নিম্নাঞ্চল তিন দিনের ভারি বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সজল আহমেদ
মন্তব্য করুন: