দলীয় মনোনয়ন পেতে ঢাকার পথে সিলেটের শ’খানেক নেতা
Led Bottom Ad

রোববার চুড়ান্ত হচ্ছে খসড়া তালিকা

দলীয় মনোনয়ন পেতে ঢাকার পথে সিলেটের শ’খানেক নেতা

আশিস রহমান,নিজস্ব প্রতিবেদক

১৮/১০/২০২৫ ০৪:৫৮:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ১৯ টি আসনে দলীয় মনোনয়ন নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর পথে সিলেটের শ’খানেক নেতা। রোববার (১৯ অক্টোবর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট বিভাগের সব মনোনয়নপ্রত্যাশীকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকবেন দলীয় মহাসচিব এবং সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠককে সামনে রেখে শুক্রবার অনেকেই রাজধানীতে পৌছে গেছেন। শনিবার সকালেও সিলেট থেকে অন্তত ৬০ জন নেতা নিজেদের একান্ত অনুরাগী নিয়ে রওয়ানা করেছেন ঢাকার পথে। ওই দিন বৈঠক থেকে সিলেটের ১৯ টি আসনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত খসড়া তালিকা প্রস্তুতের সম্ভাবনা রয়েছে। 


দলীয় একটি সূত্র জানিয়েছে প্রার্থীতা চূড়ান্তকরণের একটি প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়ায় সিলেট বিভাগের প্রতিটি আসনের প্রার্থীদের সাংগঠনিক অবস্থা, জনসম্পৃক্ততা ও মাঠপর্যায়ের অবস্থান পর্যালোচনা করা হবে। এরপর কেন্দ্রীয় টিম প্রাথমিক খসড়া তালিকা চূড়ান্ত করবে। ওই সূত্রের দাবি- কেন্দ্রীয় দায়িত্বশীল প্রার্থী নির্ধারণে ডিজিটাল ডাটাবেজ ও অনলাইন স্ক্রুটিনি ব্যবস্থার মাধ্যমে তথ্য যাচাই করা হচ্ছে। প্রার্থীদের অতীত কার্যক্রম, ভোটার সংযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান এবং সাংগঠনিক রিপোর্ট যাচাইয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বিএনপি। এভাবে একটি স্বচ্ছ ও তথ্যভিত্তিক মনোনয়ন প্রক্রিয়া নিশ্চিত করতে চায় দলটি।


জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বিএনপি। দলটির শীর্ষ পাঁচ নেতার সমন্বয়ে তৈরি কমিটি ইতোমধ্যে খসড়া প্রার্থী তালিকা তৈরির কাজ প্রায় শেষ করেছে। সিলেট বিভাগের দায়িত্বে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটের ১৯টি আসনের অন্তত শতাধিক নেতা মনোনয়নের দাবিদার হিসেবে রয়েছেন মাঠে।


এ পরিস্থিতিতে আগামী রোববার (১৯ অক্টোবর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট বিভাগের সব মনোনয়নপ্রত্যাশীকে নিয়ে বৈঠকে বসবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী মিফতাহ সিদ্দিকী বলেন, এটি দলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বৈঠক। এখানে বিভাগের সব সম্ভাব্য প্রার্থীই অংশ নেবেন। তিনি বলেন, দল বড়, তাই মনোনয়নপ্রত্যাশীও বেশি। তবে এতে কোনো বিভাজন হবে না। ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকবেন।


সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বৈঠকের বিষয়ে নিশ্চিত করে বলেন, মহাসচিব আমাদের সবাইকে নিয়ে বসবেন এবং সবার কথা শুনবেন।


দলের কেন্দ্রীয় এক নেতা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন- প্রতিটি আসনে কেবল একজন প্রার্থীই চূড়ান্ত মনোনয়ন পাবেন। আগ্রহীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতেও সক্রিয় থাকতে বলা হয়েছে। বিশেষ করে বিদ্রোহী প্রার্থিতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, প্রযুক্তিনির্ভর ও যাচাইকৃত প্রার্থী বাছাইয়ের মাধ্যমে আসন্ন নির্বাচনে বিএনপি শক্তিশালীভাবে মাঠে নামবে।


জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি বিভাগের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। তিনি ঢাকা ও চট্টগ্রাম বিভাগ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ও খুলনা বিভাগ, নজরুল ইসলাম খান রাজশাহী ও রংপুর, ডা. এজেডএম জাহিদ হোসেন কুমিল্লা ও বরিশাল এবং সালাহউদ্দিন আহমেদ ময়মনসিংহ বিভাগের দায়িত্বে থেকে প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া তদারকি করছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad