মারা গেলেন গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন
গত চার দশকের অন্যতম প্রভাবশালী কণ্ঠশিল্পী, আমেরিকান জ্যাজ গায়িকা ও গীতিকার ক্যাসান্দ্রা উইলসন আর নেই। নিজ শহর যুক্তরাষ্ট্রের মিসিসিপির জ্যাকসনে ৭০ বছর বয়সে মারা গেছেন তিনি।
আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়। পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং দীর্ঘদিনের ব্যবস্থাপক রবার্ট টরের উপস্থিতিতে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উইলসন। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।
গায়িকার ব্যবস্থাপক রবার্ট টর এক বিবৃতিতে বলেন, ‘আমরা অনেক কষ্টের সঙ্গে জানাচ্ছি, বর্ষীয়ান গায়িকা ক্যাসান্দ্রা উইলসন আর আমাদের মাঝে নেই।’
ক্যাসান্দ্রা উইলসনের কণ্ঠ বারবার শ্রোতাদের মন ছুঁয়েছে। জ্যাজ, ব্লুজ ও লোকসংগীতের মধ্যকার সীমানা মুছে দিয়ে তিনি নিজের স্বতন্ত্র সংগীতধারা তৈরি করেছিলেন। তার গানে পপ, কান্ট্রি ও আরঅ্যান্ডবির উপাদানও শ্রোতাদের মুগ্ধ করেছে।
২০০১ সালে টাইম ম্যাগাজিন তাকে যুক্তরাষ্ট্রের সেরা গায়িকা হিসেবে উল্লেখ করে। হৃদয়স্পর্শী ও আবেদনময়ী কণ্ঠের কারণে তিনি শ্রোতাদের মধ্যে আলাদা জায়গা করে নেন। তার জ্যাজ গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা পায়।
জ্যাকসনের মেয়র জন হর্ন উইলসনকে শহরের ‘অসাধারণ সন্তান’ এবং এক অনন্য সংগীত-কণ্ঠস্বর হিসেবে বর্ণনা করেছেন।
জনপ্রিয় সংগীতশিল্পী জন বাতিস্তে ক্যাসান্দ্রা উইলসন সম্পর্কে বলেন, তার কণ্ঠে দক্ষিণাঞ্চলের সুর শোনা যেত। উইলসনের স্বতন্ত্র কণ্ঠস্বর ও গায়কির ধরন এবং লোকসংগীত, আরঅ্যান্ডবি ও প্রবাসী কৃষ্ণাঙ্গ সংগীতের বিভিন্ন ধারা পরীক্ষামূলক ও জনপ্রিয় সংগীতের সঙ্গে মিশিয়ে দেওয়ার দক্ষতা তার নিজের সংগীতজীবনেও বড় প্রভাব ফেলেছে বলে জানান তিনি।
১৯৫৫ সালে মিসিসিপির জ্যাকসনে ক্যাসান্দ্রা ফোকস নামে জন্মগ্রহণ করেন উইলসন। মাত্র ছয় বছর বয়সে পিয়ানো বাজানো শুরু করেন তিনি। ১২ বছর বয়সে শেখেন গিটার। ১৯৮০-এর দশকের শুরুর দিকে নিউইয়র্ক সিটিতে যাওয়ার পর স্যাক্সোফোনবাদক স্টিভ কোলম্যানের সঙ্গে তার পরিচয় হয়। পরে তিনি এম-বেস কালেক্টিভের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হন।
১৯৮৮ সালে প্রকাশিত তার অ্যালবাম ‘ব্লু স্কাইস’ ব্যাপক প্রশংসা অর্জন করে। ১৯৯৩ সালের ‘ব্লু লাইট টিল ডাউন’ অ্যালবামের মাধ্যমে বড় ধরনের সাফল্য পান তিনি।
এরপর ১৯৯৭ সালে ‘নিউমুন ডটার’ অ্যালবামের জন্য সেরা জ্যাজ ভোকাল অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার জেতেন। একই বিভাগে ‘লাভারলি’ অ্যালবামের জন্য ২০০৯ সালে দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার অর্জন করেন।
এ ছাড়া ২০২২ সালে ক্যাসান্দ্রা উইলসনকে ‘ন্যাশনাল এনডাউমেন্ট ফর দ্য আর্টস জ্যাজ মাস্টার’ ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রে জ্যাজ সংগীতশিল্পীদের জন্য এটি সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: