সালমান খানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, বিতর্কে বিগ বস প্রতিযোগী
সালমান খানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা দেওয়ার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন ‘পঞ্চায়েত’ সিরিজখ্যাত ভারতীয় অভিনেতা আসিফ খান। ‘বিগ বস ২০’-এর ঘরে পুরুষত্ব ও গোঁফ নিয়ে তার করা মন্তব্য ঘিরে শুরু হয়েছে সমালোচনা।
সম্প্রতি অনুষ্ঠানে ক্যাপ্টেন্সি নির্বাচন নিয়ে আলোচনা চলছিল। এ সময় প্রতিযোগী গুল্লু অভিযোগ করেন, ইয়াং ডিএসএ নিজের দলের সদস্যদের গোঁফ নিজের পছন্দ অনুযায়ী রাখার নির্দেশ দিচ্ছেন।
এর জবাবে রাজস্থানি সংস্কৃতির প্রসঙ্গ তুলে আসিফ বলেন, ‘আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে গণ্যই করি না! তাই দাড়ি-গোঁফ এমনই রাখা হয়।
আসিফের মন্তব্যের পরই অন্য প্রতিযোগীরা আপত্তি জানান। তারা বলেন, গোঁফ না থাকলেই কাউকে পুরুষ হিসেবে বিবেচনা করা যাবে না, এমন ধারণা ঠিক নয়। এ সময় সালমান খানের প্রসঙ্গও উঠে আসে, কারণ অনুষ্ঠানের সঞ্চালকের সব সময় গোঁফ থাকে না। অন্য এক প্রতিযোগী আসিফের বক্তব্যের বিরোধিতা করে বলেন, একজন প্রকৃত পুরুষ কখনোই উগ্র বা হিংসুটে হন না, বরং পুরো পরিবারকে একসঙ্গে আগলে রাখেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফের মন্তব্য নিয়ে চলছে নানা আলোচনা। অনেকে মনে করছেন, তার বক্তব্য পরোক্ষভাবে সালমান খানকে উদ্দেশ করে করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী পর্বে আরও বিতর্ক তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: