মানবাধিকার সুরক্ষায় ঢাবিতে পৃথক সেল চায় এইচআরডিএস
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার লঙ্ঘন, হয়রানি, বৈষম্য ও নিপীড়নের অভিযোগ গ্রহণ ও প্রতিকারে স্বাধীন ও কার্যকর ‘হিউম্যান রাইটস ডেস্ক/সেল’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির (এইচআরডিএস) ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট।
একই সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় গোপন রেখে অভিযোগ জানানোর ব্যবস্থা এবং অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ নিষ্পত্তির দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে ১৪ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেয় এইচআরডিএসের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট। স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে ইউনিটটির আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হয়। এ সময় সংগঠনের নেতারা উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এইচআরডিএসের দাবিগুলোর মধ্যে রয়েছে- অনলাইন ও অফলাইনে পরিচয় গোপন রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানানোর ব্যবস্থা করা। যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে আরও কার্যকর করে অভিযোগ তদন্তে গোপনীয়তা, নিরপেক্ষতা, দ্রুততা ও ভুক্তভোগীবান্ধব প্রক্রিয়া নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
ক্যাম্পাস, আবাসিক হল, পরিবহন, লাইব্রেরিসহ গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার এবং হয়রানি বা সহিংসতার ঘটনায় দ্রুত প্রতিকারের ব্যবস্থা চেয়েছে সংগঠনটি। গুরুতর হামলা, নিপীড়ন, নিখোঁজ, বেআইনি আটক বা অন্য কোনো গুরুতর মানবাধিকার সংকটের ক্ষেত্রে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিতে ‘ইমার্জেন্সি রেসপন্স মেকানিজম’ চালুর দাবিও রয়েছে।
এছাড়া লিঙ্গ, বিশেষ সক্ষমতা, আর্থিক অবস্থা, অঞ্চল, ভাষা, সামাজিক পরিচয় ও ধর্মীয় বিশ্বাসের কারণে বৈষম্য বন্ধে নীতিমালা ও নজরদারি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। বিশেষ সক্ষমতাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ভবন, পরিবহন, লাইব্রেরি ও আবাসিক হলে প্রবেশগম্য অবকাঠামো নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
শিক্ষার্থীদের আইনগত জটিলতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রাথমিক আইনগত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্ববিদ্যালয়ভিত্তিক রেফারেল ব্যবস্থা চালু এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও হলসংশ্লিষ্টদের মানবাধিকার, জেন্ডার সমতা, হয়রানি প্রতিরোধ, ডিজিটাল অধিকার ও সংঘাত নিরসন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের দাবিও রয়েছে।
স্মারকলিপিতে ধর্ম, জাতিসত্তা, নৃগোষ্ঠী, ভাষা, সংস্কৃতি ও পরিচয়ের ভিত্তিতে বৈষম্য ও হয়রানি প্রতিরোধের পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা এবং আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের আবাসন, শিক্ষা, নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার সুরক্ষার দাবি জানানো হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের মতপ্রকাশ, সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়মিত আয়োজনের জন্য নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রণয়নের দাবি জানিয়েছে এইচআরডিএস। নির্বাচনে সমান সুযোগ, নিরাপদ পরিবেশ, ভোটার তালিকা ও নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তার কথাও বলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন এইচআরডিএস এর সভাপতি মো.সৌরভ ইসলাম, সাধারণ সম্পাদক তানজিলা হক অপরাজিতা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছাব্বিরুল ইসলাম সহ অন্যান্যরা।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: