সিলেটে কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও রফতানির সুযোগ সম্প্রসারণে প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে।
শ্যামপুরের প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজের আদলে প্রয়োজনীয় সমীক্ষা করে দ্রুত প্রকল্পের কাজ শুরু করা হবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এর পরিধি আরো বাড়ানো হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে কৃষি বিপণন অধিদফতরের বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত সিলেট প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা গেলে সিলেটকে বাংলাদেশের অন্যতম প্রধান কৃষিপণ্য রফতানিকারক অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ লক্ষ্যে কৃষি উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় কার্যক্রম এগিয়ে নিতে হবে।‘
তিনি বলেন, ‘সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ, প্যাকেজিং ও রফতানির অবকাঠামো গড়ে উঠলে কৃষক ও কৃষি উদ্যোক্তারা উপকৃত হবেন। একই সাথে কৃষিপণ্যের অপচয় কমবে ও আন্তর্জাতিক বাজারে সিলেটের কৃষিপণ্যের প্রবেশের সুযোগ বাড়বে।’
সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমানের সভাপতিত্বে সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, কৃষি বিপণন অধিদফতরের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: