বানিয়াচংয়ে পুলিশের অভিযানে দুই মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের পৃথক অভিযানে নয়টি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও জনাব আলী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহীদুর রহমান (২৫) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক যুবকের মায়ের দায়ের করা মামলার পলাতক আসামি কৃষকলীগ নেতা রজব উল্বা (৪৮) গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নয়টি হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ১০৬ নম্বর আসামি শাহীদুর রহমান গ্যানিংগঞ্জ বাজারের (নতুন বাজার) এলাকায় অবস্থান করছেন-এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শাহীদুর রহমান বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির মিয়ার ছেলে।
অন্যদিকে, বৈষম্যবিরোধী এক দফা ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত এক যুবকের মায়ের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি কৃষকলীগ নেতা রজব উল্বা আদর্শ বাজার এলাকায় অবস্থান করছেন-এমন তথ্য পায় পুলিশ।
এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যার আগে পৌনে ৬টার দিকে আদর্শ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রজব উল্বা বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রঘু চৌধুরীপাড়া মহল্লার মৃত এশাদ উল্বার ছেলে।
বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনকে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিডি/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: