হবিগঞ্জে ব্যাংক কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহসিনুর রহমান মুর্শেদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে (শুক্রবার) উপজেলার বহরা ইউনিয়নের উত্তর শিক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিনুর রহমান পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তাঁর ছোট ভাই মিশু পোল্যান্ডে থাকেন। বাড়িটি বেশির ভাগ সময় ফাঁকা থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চোরেরা বাড়ির একটি ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের বিভিন্ন কক্ষের মালামাল তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার, আইপিএস, টেলিভিশনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ বাড়িটি পরিদর্শন করেছে। তবে চুরি যাওয়া মালামালের সঠিক তালিকা ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা প্রথম সিলেটকে বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বপন রবি দাশ / ডিডি / প্রসি-২০২৬
মন্তব্য করুন: