রায়নগরে ট্রিপল মার্ডার
স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ শেষে সুষ্ঠু বিচার ও সিআইডি তদন্তের প্রত্যাশায় পরিবার
সিলেট নগরের রায়নগরে মা-বাবা ও গৃহকর্মী হত্যার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আবারও সংবাদ সম্মেলন করেছেন নিহত দম্পতির সন্তানেরা। তাদের দাবি, বাবার জায়গা নিয়ে এক আইনজীবীর সঙ্গে বিরোধের বিষয়টি তারা পুলিশকে জানিয়েছেন। ওই আইনজীবী হত্যাকাণ্ডে জড়িত কি না, নিরপেক্ষ তদন্তে তা বের করে আনতে হবে।
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তারা এখন সঠিক বিচার পাওয়ার আশায় রয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে নিহত এম এ সাত্তার দম্পতির মেয়ে সেলিনা সুলতানা শিখা ও তারানা সুলতানা শিমু এসব কথা বলেন।
তারা বলেন, তাদের দাবি একটাই, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন এবং তদন্ত দ্রুত শেষ করতে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশ দিয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, এজাহারে নির্দিষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। শুধু বাবার জায়গা নিয়ে একজন আইনজীবীর সঙ্গে বিরোধের বিষয়টি পুলিশের নজরে আনা হয়েছে। ওই ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত কি না, তা তদন্ত করে বের করার দায়িত্ব পুলিশের।
গত ১২ আগস্ট সকালে নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন সিলেট চেম্বারের সাবেক পরিচালক এম এ সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহকর্মী তাহমিনা বেগম (১৫)। ওই দিনই পুলিশ বাবুল মিয়া নামের এক রংমিস্ত্রিকে গ্রেপ্তার করে। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
১৭ আগস্ট সংবাদ সম্মেলন করে নিহত দম্পতির প্রবাসী ছেলে-মেয়েরা প্রকৃত রহস্য উদ্ঘাটন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন। তদন্ত সন্তোষজনক না হলে মামলাটি সিআইডিতে হস্তান্তরের দাবিও জানিয়েছিলেন তারা।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: