সিলেট সীমান্তে বিজিবির বিরুদ্ধে স্থানীয় যুবককে পেটানোর অভিযোগ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের মুসলিম পাড়া এলাকায় আল আমীন (২৪) নামে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুই বিজিবি সদস্যের বিরুদ্ধে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে বগাইয়া মুসলিম পাড়ার একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত আল আমীনকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিছনাকান্দি বিওপির ‘ভিআইপি’ রুজ্জেল ও হারুন ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা আল আমীনকে লাঠি দিয়ে মারধর করেন। এতে তিনি মাটিতে পড়ে আহত হন। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল সীমান্ত থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে। তারা ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিছনাকান্দি বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জালাল উদ্দীন। তিনি বলেন, পর্যটন স্পট থেকে ২৫-৩০ বস্তা ভারতীয় জিরা আটক করে ফেরার সময় চোরাচালানে জড়িত শ্রমিকরা বিজিবি সদস্যদের পথরোধ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ধাওয়া করা হলে আল আমীন পড়ে গিয়ে আহত হন। তাকে মারধর করা হয়নি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ভারতীয় জিরার নৌকা আটকের ঘটনাকে কেন্দ্র করে মব সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। বিজিবি সদস্যদের কাউকে মারধর না করার নির্দেশনা রয়েছে। তিনি ঘটনাটিকে বিজিবির সুনাম ক্ষুণ্নের চেষ্টা দাবি করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে মামলা দেওয়া হবে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: