ডিআইজি ড.মো: জিল্লুর রহমানের সুনামগঞ্জ পরিদর্শন: জনবান্ধব পুলিশিংয়ের ওপর জোর
সুনামগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং দাপ্তরিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে দি-বার্ষিক পরিদর্শনে এসেছেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্লুর রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) জেলায় আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। পরবর্তীতে জেলা পুলিশ লাইন্সে পুলিশ পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয়কে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করে।
পরিদর্শনের সূচি অনুযায়ী, ডিআইজি প্রথমে সুনামগঞ্জ সদর থানা এবং পরবর্তীতে সদর সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি থানা ও সার্কেল অফিসের দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ ও অগ্রগতি, গুরুত্বপূর্ণ নথি ও রেজিস্টারপত্র, এবং সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছানোর মান ও পদ্ধতি গভীরভাবে খতিয়ে দেখেন।
ডিআইজি ড. মো: জিল্লুর রহমান মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের ট্রাস্ট বা আস্থা অর্জনই পুলিশি সেবার মূল লক্ষ্য হওয়া উচিত। দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং মানবিক পুলিশিং জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা এবং চলমান পুলিশি কার্যক্রম সম্পর্কে ডিআইজি মহোদয়কে অবহিত করেন।
পরিদর্শন শেষে জেলা পুলিশের সার্বিক পারফরম্যান্স ও প্রশাসনিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ডিআইজি। একইসঙ্গে মানবিক পুলিশি সেবা অব্যাহত রাখতে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রীতম দাস/ তাহির আহমদ
মন্তব্য করুন: