তাহিরপুরে চাঁদা না পেয়ে স্পিডবোট চালককে মারধর করলেন যুবদল নেতা
যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও তাহিরপুর উপজেলার স্পিডবোট চালককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে তাহিরপুর-মধ্যনগর নৌ-পথে অনির্দিষ্টকালের জন্য স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করেছে স্পিডবোট চালক সমিতি। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মধ্যনগর সদর বাজারের স্পিডবোট ঘাটে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত এম. শহীদ মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলার স্পিডবোট চালক রাজু আহমেদ যাত্রী নিয়ে মধ্যনগর ঘাটে পৌঁছালে এম. শহীদ তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন, হঠাৎ এত বড় অঙ্কের টাকা দাবি করায় রাজু চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে। পরে রাজু তাহিরপুরে ফিরে এসে বিষয়টি স্পিডবোট চালক সমিতিকে অবহিত করেন। ঘটনার পর চালকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
‘ভুক্তভোগী রাজু আহমেদ ও স্পিডবোট চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাহিরপুর থেকে মধ্যনগরে যাত্রী পরিবহনকারী স্পিডবোট চালকদের কাছ থেকে বিভিন্ন কৌশলে চাঁদা আদায় করে আসছেন শহীদ ও তার সহযোগীরা।’
তাহিরপুর উপজেলা স্পিডবোড চালক সমিতির সভাপতি হবিব মিয়া বলেন, আমাদের চালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ রয়েছে। সর্বশেষ রাজু আহমেদের ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাহিরপুর-মধ্যনগর রোটে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েস বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা অনৈতিক কর্মকান্ডের সত্যতা পাওয়া যায়, তাহলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত যুবদল নেতা এম.শহীদের কাছে এ বিষয়ে জানতে মুঠোফোনে দয়েক দফায় যোগাযোগ করা হলে, তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রাহাদ হাসান মুন্না/ অথৈ
মন্তব্য করুন: