বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার
বিশ্ব সাপ দিবস উপলক্ষে যখন বিশ্বজুড়ে সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক সেই দিনই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি বিশালাকার অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর পুলসংলগ্ন উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা জোবায়ের আহমদের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জানায়, বেশ কয়েক দিন ধরে জোবায়ের আহমদের বাড়ি থেকে হাঁস ও মুরগির বাচ্চা রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছিল। প্রথমে বিষয়টি চুরির ঘটনা বলে ধারণা করা হলেও আজ সকালে পরিবারের সদস্যরা দেখতে পান, একটি বিশাল অজগর বাড়ির দেয়াল বেয়ে পাশের একটি গাছের দিকে উঠছে। তখনই তাঁরা বুঝতে পারেন, দীর্ঘদিন ধরে গৃহপালিত হাঁস-মুরগির বাচ্চা নিখোঁজ হওয়ার পেছনে ছিল এই অজগর।
বাড়ির মালিক জোবায়ের আহমেদ বলেন, ‘সাপটি দেখার পর আমরা আতঙ্কিত না হয়ে দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিই। তারা এসে কোনো ধরনের ক্ষতি না করে সাপটিকে নিরাপদে উদ্ধার করেছে।’
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধার অভিযান সম্পর্কে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘আজ বিশ্ব সাপ দিবস। প্রকৃতির পরিবেশগত ভারসাম্য রক্ষায় সাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে আনন্দের বিষয় হলো, শ্রীমঙ্গলের মানুষ এখন অনেক সচেতন। তাঁরা সাপটিকে পিটিয়ে না মেরে আমাদের খবর দিয়েছেন। এটি বন্যপ্রাণী সংরক্ষণে অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত।’সংবাদ সতর্কতা
উদ্ধারের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান অথবা অন্য কোনো নিরাপদ প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: