শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য গ্রেফতার
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ইউপি সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে শাল্লা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুলাই রাত আনুমানিক ১১ টায় শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়নের বাহাড়া (উত্তরপাড়া) এলাকায় এসআই মো. ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাহাড়া ইউনিয়নের ইউপি সদস্য দেবব্রত তালুকদার (৩৪) জীবেশ দাশ (২৪)-কে আটক করা হয়।
পরে তাদের দেখানো মতে জীবেশ দাশের বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে রাখা তিনটি প্লাস্টিকের কন্টেইনার থেকে মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
এ ঘটনায় শাল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা নং-০৯, তারিখ ১৪ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে।
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যা প্রয়োজন, আমরা তাই করব। শাল্লা থানাকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: