হবিগঞ্জে সাতছড়ি জাতীয় উদ্যানে বিরল কালো মথুরা

হবিগঞ্জে সাতছড়ি জাতীয় উদ্যানে বিরল কালো মথুরা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/০৭/২০২৬ ২০:২৪:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বন্যপ্রাণী আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েছে দেশের অন্যতম বিরল বনজ পাখি কালো মথুরা। প্রখ্যাত বন্যপ্রাণী আলোকচিত্রী আনিস শেখ সম্প্রতি উদ্যানের গভীর অরণ্যে পূর্ণবয়স্ক একটি পুরুষ কালো মথুরার দুর্লভ ছবি ধারণ করেন। ছবিটি প্রকাশের পর প্রকৃতিপ্রেমী, পাখি গবেষক এবং বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।


বন বিশেষজ্ঞদের মতে, কালো মথুরা বাংলাদেশের অত্যন্ত বিরল আবাসিক বনমোরগ। ঘন চিরসবুজ ও আধা-চিরসবুজ বনাঞ্চলে এর বসবাস। মানুষের উপস্থিতি টের পেলেই দ্রুত ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে বলে পাখিটিকে খালি চোখে দেখা অত্যন্ত কঠিন। এ কারণে এর ছবি ধারণ করা বেশ চ্যালেঞ্জিং।


আলোকচিত্রী আনিস শেখ জানান, দীর্ঘ সময় ধৈর্য ধরে বন পর্যবেক্ষণের পর তিনি সাতছড়ির একটি নিরিবিলি স্থানে কালো মথুরাটির দেখা পান। পাখিটি কিছুক্ষণ বনপথের পাশে খাদ্যের সন্ধান করছিল। নিরাপদ দূরত্ব বজায় রেখে তিনি ক্যামেরায় কয়েকটি দুর্লভ মুহূর্ত ধারণ করতে সক্ষম হন।


এই আলোকচিত্রী বলেন, বাংলাদেশের বনাঞ্চলে এমন বিরল প্রজাতির পাখির উপস্থিতি জীববৈচিত্র্যের আগামীর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। এটি সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।


প্রকৃতিবিদদের ভাষ্য, পুরুষ কালো মথুরার শরীরে চকচকে নীলাভ-কালো পালক, মাথায় লাল রঙের খোলা ত্বক এবং লম্বা সাদা-কালো মিশ্রিত লেজ থাকে, যা সহজেই অন্য বনমোরগ থেকে আলাদা করে চেনা যায়। বনজ ফল, বীজ, কচি পাতা ও ছোট ছোট পোকামাকড় এদের প্রধান খাদ্য।


সাতছড়ি জাতীয় উদ্যান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আবাসস্থল। প্রায় ২৪৩ হেক্টর আয়তনের এই সংরক্ষিত বনে রয়েছে শতাধিক প্রজাতির পাখি, অসংখ্য প্রজাতির স্তন্যপায়ী, সরীসৃপ ও উভচর প্রাণী। বিশেষ করে উল্লুক, মুখপোড়া হনুমান, মায়া হরিণ, বনবিড়ালসহ নানা বিরল প্রাণীর পাশাপাশি কালো মথুরার মতো দুর্লভ পাখির উপস্থিতি এ উদ্যানের পরিবেশগত গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।


বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা বলছেন, অবৈধ গাছ কাটা, বনভূমিতে মানুষের অনুপ্রবেশ, শব্দদূষণ এবং আবাসস্থল ধ্বংসের কারণে এমন বিরল পাখির সংখ্যা কমে যাচ্ছে। তাই সাতছড়িসহ দেশের সংরক্ষিত বনাঞ্চলে নজরদারি বাড়ানো, দর্শনার্থীদের সচেতন করা এবং প্রাকৃতিক আবাসস্থল অক্ষুণ্ন রাখা জরুরি।


সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী মাসুদ জানান, কালো মথুরার এই দুর্লভ উপস্থিতি শুধু একটি সুন্দর আলোকচিত্র নয়; এটি সাতছড়ি জাতীয় উদ্যানের সমৃদ্ধ জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ দলিল এবং দেশের বন ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তার শক্তিশালী বার্তা। সাতছড়ি বনের জীববৈচিত্র্য আগের চেয়ে অনেক সমৃদ্ধ ও বৈচিত্র্যময়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad