শাল্লায় বিধি ভেঙে স্কুলের গাছ কাটার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

শাল্লায় বিধি ভেঙে স্কুলের গাছ কাটার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

১১/০৭/২০২৬ ১৬:৩৭:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঐতিহ্যবাহী শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলালের বিরুদ্ধে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে বিদ্যালয়ের লক্ষাধিক টাকা মূল্যের ১৩টি মূল্যবান গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। কোনো প্রকার টেন্ডার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই গাছগুলো অপসারণ করা হয়েছে বলে জানা গেছে।


গতকাল শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বেশ কিছুদিন আগে কেটে রাখা বিশালাকৃতির গাছগুলো একটি বড় ট্রাক্টরে বোঝাই করছেন ৪-৫ জন শ্রমিক। গাছ পরিবহনে নিয়োজিত শ্রমিক মফিজ জানান, প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলালের নির্দেশে গাছগুলো করাত কলে (মিল) নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে স্থানীয় মুসলিম পাড়ায় মফিজের বাড়ির সামনে স্কুলের সেই গাছগুলো স্তূপ করে রাখা অবস্থায় দেখা যায়।


বিদ্যালয়ের গাছ কাটার ঘটনা এটিই প্রথম নয় বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী সঞ্জীব আলীর ছেলে আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, এর আগেও প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল একাধিক মূল্যবান গাছ কেটে নিজের ব্যক্তিগত আসবাবপত্র বানিয়েছেন। তিনি স্কুলের কোনো নিয়ম বা কারও অনুমতির তোয়াক্কা করেন না। সরকারি বিধিমালা লঙ্ঘন করে বিদ্যালয়ের সম্পদ ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহারের এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলালের বক্তব্য জানার জন্য মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 


অন্যদিকে, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধান শিক্ষক তাঁর শ্বশুরবাড়িতে গিয়েছেন, তাই তাঁর সাথে এ বিষয়ে কোনো আলাপ হয়নি।


তবে স্কুলের সম্পদ এভাবে নিয়মবহির্ভূতভাবে কাটার বিষয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস। তিনি বলেন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার বিষয়টি মাত্র অবগত হলাম। আমি এখনই খোঁজ নিয়ে দেখছি এবং ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমির হোসেইন/ অথৈ

মন্তব্য করুন:

Led Bottom Ad