আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট হ্যাক

মেইল নিয়ে তোলপাড়

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট হ্যাক

প্রথম ডেস্ক

১১/০৭/২০২৬ ১২:৫০:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের নাটকীয় জয় এবং রেফারিং নিয়ে চলমান বিতর্কের মাঝেই সাইবার হামলার শিকার হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। গত মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত ওই ম্যাচের পর এএফএ-র অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে বিতর্কিত মেইল পাঠানোকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়। তবে আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ দ্রুতই বিষয়টি পরিষ্কার করে জানিয়েছে, তারা এক ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে এবং ওই মেইলগুলো তাদের নয়।

ম্যাচে একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা। এই হারের পর ক্ষুব্ধ মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তাঁর দলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিশ্বকাপ থেকে বহিষ্কারের আনুষ্ঠানিক দাবি জানায়।

এই বিতর্কের রেশ ধরে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’ জানায়, ম্যাচের পর এএফএ-র অফিশিয়াল মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে কিছু মেইল পাঠানো হয়। যেখানে লেখা ছিল, ‘আর্জেন্টিনা জেতেনি’ এবং এই ফলাফল আসলে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফসল’। সংবাদমাধ্যমটি আরও জানায়, এএফএ-র অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মিশরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার পেছনে রয়েছে। ওই মেইলগুলোতে মিশরের ফুটবলারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করা হয়েছিল।

পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এএফএ জানায়, “আমরা সবাইকে জানাতে চাই যে আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ই-মেইল পাঠানোর ঘটনা আমরা শনাক্ত করেছি। এই মেইলগুলো আমাদের দলের কেউ তৈরি করেনি এবং এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।” একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে তারা আরও বলে, “সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যাতে কোনো লিংক, ফাইল কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে তা এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি। আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।”

উল্লেখ্য, আটলান্টার সেই ম্যাচে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মিশর। কিন্তু ম্যাচের শেষ দিকে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের গোলে ঐতিহাসিক জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এই জয়ের ফলে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

আর আর

মন্তব্য করুন: