হবিগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৯/০৭/২০২৬ ১২:৪৭:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রায়হান মিয়া (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রায়হান মিয়া উপজেলার মীরনগর গ্রামের কাউসার মিয়ার ছেলে।

গতকাল বুধবার (৮ জুলাই) বিকেলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পেনাল কোড, ১৮৬০-এর ৫০৯ ধারায় এই দণ্ডাদেশ প্রদান করেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রায়হান মিয়া নামের ওই যুবক বিভিন্ন অঙ্গভঙ্গি করে তাকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনতা হাতেনাতে ওই যুবককে আটক করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে যুবককে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক এ দণ্ডাদেশ দেওয়া হয়।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। দণ্ডাদেশের পর রায়হান মিয়াকে পুলিশি হেফাজতে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আর আর

মন্তব্য করুন: