হবিগঞ্জে প্রকৌশলীর বিরুদ্ধে ৪ লাখ টাকা ঘুষের অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও টাকা ফেরতের দাবিতে পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এক ঠিকাদার।
অভিযোগকারী ঠিকাদার মো. সোহেল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শায়েস্তাগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়নকাজের জন্য গত ২৬ ফেব্রুয়ারি ৫০ লাখ টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়। ওই বরাদ্দের আওতায় কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সহকারী প্রকৌশলী নাজমুল জিসান অগ্রিম ৪ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাকে কোনো কাজ দেওয়া হয়নি, এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি।
আবেদনে সোহেল মিয়া অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ তার বেতন বা প্রভিডেন্ট ফান্ড থেকে ওই অর্থ সমন্বয় করে ফেরত দেওয়ার দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে সহকারী প্রকৌশলী নাজমুল জিসান বলেন, "তাকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করানো হয়েছে। আমি এ অভিযোগের প্রতিবাদ করব।"
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, "অভিযোগটি আমার যোগদানের আগের সময়ের। অভিযোগকারী লিখিতভাবে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয় সচেতন মহল অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপরাধ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আর আর
মন্তব্য করুন: