মাধবপুরে চা বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে প্রকাশ রেলী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৬ জুলাই) সকালে চা বাগানের একটি আকাশমণি গাছ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রকাশ নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা মৃত চম্পক রেলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকাশ রেলী ফুটবল দল ব্রাজিলের সমর্থক ছিলেন। স্থানীয়দের একাংশের দাবি, রাতে ফুটবল ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তবে তাঁর মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনো সরাসরি সংযোগ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ সকালে স্থানীয় বাসিন্দারা চা বাগানের একটি গাছে প্রকাশ রেলীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে মাধবপুর থানা-পুলিশকে খবর দেন। পরে উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী মজুমদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আর আর
মন্তব্য করুন: