মাধবপুরে সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

মাধবপুরে সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৬/০৭/২০২৬ ১৫:৩৬:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়কের পাশ থেকে এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) ভোরে উপজেলার উত্তর শাহপুর এলাকার শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশ থেকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সড়কের পাশে ফুটফুটে এক নবজাতককে পড়ে থাকতে দেখে পথচারীরা ভিড় জমান। সে সময় শিশুটির শরীরে চিকিৎসার স্যালাইন লাগানো ছিল। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদকে জানানো হলে তিনি এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে দ্রুত উদ্ধার করেন। এরপর চিকিৎসার জন্য তাকে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নবজাতকটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত ও সুস্থ।

উদ্ধার কাজে সহায়তাকারী বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ জানান, খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটির জীবন রক্ষায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি আরও বলেন, "শিশুটির চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে এবং তার ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।"

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নবজাতকটির পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সজল আহমেদ

মন্তব্য করুন: