মাধবপুরে ২০০ বোতল ভারতীয় কোডিন সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা (গোয়াসনগর) গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল ভারতীয় আমদানিনিষিদ্ধ এস্কুফ (কোডিন) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গোয়াসনগর গ্রামের রজব আলীর ছেলে ও এলাকার চিহ্নিত মাদক কারবারি মো. কুদ্দুস মিয়ার বাড়িতে অভিযান চালান।
অভিযানকালে বসতঘরে তল্লাশি চালিয়ে সিমেন্টের বস্তার মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা প্রতিটি ১০০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ২০০ বোতল (প্রায় ২০ লিটার) ভারতীয় আমদানিনিষিদ্ধ এস্কুফ (কোডিন) সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মো. কুদ্দুস মিয়াকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার ওসি মো: সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানায়, গ্রেপ্তারকৃত কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানাসহ বিভিন্ন থানায় ১৮টিরও বেশি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: