মৌলভীবাজারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে,আটক ১
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে দোকানঘরের ভেতর ধ/র্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত বৃদ্ধ চান মিয়াকে (৬৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইদাইল গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বর্তমানে নির্যাতিত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত চান মিয়া মইদাইল গ্রামের বাসিন্দা রশিদ মিয়ার দোকানের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চান মিয়া শিশুটিকে ফুসলিয়ে কৌশলে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধ/র্ষণের চেষ্টা করেন। ঘটনার পরপরই বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বেগতিক দেখে অভিযুক্ত চান মিয়া কৌশলে এলাকা থেকে পালিয়ে আত্মগোপন করেন।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত অ্যাকশনে নামে। কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এসআই মিঠু রায় ও এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এরপর বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার এলাকা থেকে পলাতক চান মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
নির্যাতিত শিশুর বাবা কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার অবুঝ শিশুর সঙ্গে যা হয়েছে, আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, এমন শাস্তি দেওয়া হোক যাতে এটা দেখে ভবিষ্যতে কেউ আর এমন জঘন্য কাজ করার সাহস না পায়।" তিনি এই ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন প্রথম সিলেটকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বর্বরোচিত। অভিযোগ পাওয়ার পরপরই আমাদের টিম অভিযানে নামে এবং কয়েক ঘণ্টার মধ্যে রাত ১০টার দিকে অভিযুক্তকে আমরা আটক করতে সক্ষম হই। এই বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুর সার্বিক চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর রাখা হচ্ছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: